ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৭:১৯ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫ ১৭:১৯ পিএম
ডোবা থেকে ১৪টি দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
ভোলায় মেঘনা নদীর র্তীরবর্তী একটি ডোবা থেকে ১৪টি দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর লামছি পাতা গ্রামের মেঘনা নদীর র্তীরবর্তী তরমুজ ক্ষেতের পাশের একটি ডোবা থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে ওই এলাকায় চর দখল নিয়ে কিছু লোকজন অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা অস্ত্র রেখে পালিয়ে যান। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মেঘনা নদী সংলগ্ন ডোবা থেকে ১৪টি বিভিন্ন সাইজের দেশিয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।’