সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:৫২ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:০৪ পিএম
ফাইল ফটো
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ ডিসেম্বর) উপজেলার সনগুই গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম লালন বসাক। তিনি ওই গ্রামের যতীন্দ্রনাথ বসাকের ছেলে।
পরিবার জানায়, শনিবার রাত ১১টায় গ্রামের এক অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার পর লালন আর বাড়িতে ফেরেননি। সকালে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মাধাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান জানান, লালন বসাক শুক্রবার রাতে গ্রামের একটি সমাজিক অনুষ্ঠানে দাওয়াত খেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। সকালে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানতে লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।