মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৫:০৬ পিএম
সেনা মিয়া। প্রবা ফটো
কিশোরগঞ্জের তাড়াইলে ১২টি মামলার আসামি সেনা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেনা মিয়া সদর ইউনিয়নের কালনা গ্রামের তারা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে আসামি সেনা মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার অত্যাচারে উপজেলার মানুষ অতিষ্ট ছিল। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী, ছিনতাই, চুরি ও ডাকাতির মূলহোতা ছিলেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসামি সেনা মিয়াকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় চোরাই যাওয়া ব্যাটারীসহ একটি আইপিএস উদ্ধার করা হয়।’
ওসি সাব্বির বলেন, ‘ইতোপূর্বে একাধিকবার অভিযান চালিয়েও থাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও দস্যুতার ১২টিরও অধিক মামলা রয়েছে। তিনি তাড়াইল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। শুক্রবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’