দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৬:২৩ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১৭:৪৫ পিএম
নেত্রকোণার দুর্গাপুরে গরু লুটের ঘটনায় জড়ো হয়েছেন পুলিশ ও স্থানীয় জনগণ। প্রবা ফটো
নেত্রকোণার দুর্গাপুরে কৃষি খামারের কেয়ারটেকারকে খুন করে ৭টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার শুকনাকুড়ি এলাকায় এ লুটের ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম জয়নাল উদ্দিন (৬৫)। তিনি কাকৈড়গড়া ইউনিয়নের পুকুরিয়া এলাকার বাসিন্দা। ওই খামারে তিনি গত আড়াই মাস ধরে কাজ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ওই খামারে গরু চুরির উদ্দেশে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তারা কেয়ারটেকার জয়নালকে হত্যা করে এবং খামারের ৭টি গরু লুট করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বরকত খান বলেন, ‘সকালে খামারে এসে বদলি কেয়ারটেকার হেলাল উদ্দিন খামারের প্রতিদিনের কার্যক্রম দেখতে না পেয়ে ওই কেয়ারটেকারকে ডাক দেন। তার সাঁড়াশব্দ না পেয়ে খামারের দরজা খুলতেই তাকে মুখবাধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সেকুল আলম তালুকদার বলেন, ‘জয়নাল সহজ সরল মানুষ ছিলেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। তাকে এভাবে কেন খুন হতে হলো? এমন ঘটনায় আমরা আতঙ্কে আছি, আমাদের নিরাপত্তা কোথায়?’
নিহতের স্ত্রী জমিলা খাতুন বলেন, ‘স্বামীর আয় দিয়ে আমাদের সংসার চলতো। এখন ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার কিভাবে চলবে? যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’
খামার মালিক মাহাবুল হক বলেন, ‘দুর্বৃত্তরা আমার বড় ধরণের ক্ষতি করেছে। আমার কেয়ারটেকারকে হত্যা করেছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) আল ইমরানুল আলম বলেন, ‘ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে। আমরা খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করতে পারব এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।’