মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৬:০৮ পিএম
অ্যাডভোকেট মো. শহিদুল আলম এবং অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন। কোলাজ, প্রবা
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতিসহ ৫টি পদে এবং বিএনপি সমর্থিতরা সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়লাভ করেছে।
সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত মো. শহিদুল আলম টানা তৃতীয়বারের মতো এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত মো. আমিনুল ইসলাম রতন টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) দিনভর আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা শেষে রাত ১টার দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিজয়ী প্রার্থী মো. শহিদুল আলম পেয়েছেন ৪২১ ভোট এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৮০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৯১ ভোট এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শেখ শহিদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ১৩৪ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন- দুই সহ-সভাপতি মো. মানিক (বিএনপি) ও মো. আব্দুর রশিদ ভুঁইয়া (আওয়ামী লীগ), দুই সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা ও শাহিনুর কলি (বিএনপি), লাইব্রেরী সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল বোখারী (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক পদে এ.এম ছাজ্জাদুল হক (বিএনপি) এবং অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক (বিএনপি)।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত পাঁচ কার্যকরী সদস্য হলেন- আওয়ামী লীগ সমর্থিত কফিল উদ্দিন, মোহাম্মদ সারোয়ার জাহান সানি ও মো. সোহাগ মিয়া এবং বিএনপি সমর্থিত মো. আবু তাহের হারুন ও মো. আহসানুজ্জামান নাসির।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান নির্বাচনের ফলাফলের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, নির্বাচনে মোট ৬০৭ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।