× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো কাজে মেলে ইফতারি

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১০:৫৪ এএম

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ফুটপাতে ইফতার করছেন ছিন্নমূল মানুষ। প্রবা ফটো

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ফুটপাতে ইফতার করছেন ছিন্নমূল মানুষ। প্রবা ফটো

‘থাকি আমানত শাহর মাজারে। মানুষ কিছু দিলে সেটি খেয়ে দিন পার করি। শুনেছি এখানে ভালো কাজের বিনিময়ে ইফতার করানো হয়। নিজে কিনে ইফতার করার তো সামর্থ্য নেই। তাই ইফতার করার জন্য এখানে এসেছি।’

কোথায় থেকে ইফতার করতে এসেছেন জানতে চাইলে ওপরের কথাগুলো বলেন মিজানুর রহমান। ৫০ বছর বয়সি এই মানুষটির গ্রামের বাড়ি কুমিল্লায়। দীর্ঘদিন ধরে তিনি থাকেন আমানত শাহর মাজারে। 

মিজানুর রহমান বলেন, ‘গতকালও এখানে ইফতার করেছি। এদের আয়োজন অনেক সুন্দর। ইফতার করতে এসে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। লাইন ধরে বসার পর আয়োজকরা হাতে হাতে ইফতারি তুলে দেন।’

শুধু মিজানুর রহমান নন, তার মতো আরও অন্তত ৫০০ নারী-পুরুষ ইফতার করতে জড়ো হয়েছেন নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ফুটপাতে। যেখানে প্রতিদিন ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন করে আসছে ‘ভালো কাজের হোটেল’। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সেখানে দেখা যায়, ফুটপাতে লাইন ধরে বসে আছেন আড়াইশ থেকে তিনশ শিশু, নারী-পুরুষ। 

নগরীর এনায়েত বাজার এলাকা থেকে ইফতার করতে এসেছেন রুকন উদ্দিন। রিয়াজউদ্দিন বাজারে শ্রমিকের কাজ করা রুকন উদ্দিন জানান, ‘বাজারে আজকে তেমন কোনো কাজ পাইনি। তাই অলস বসে ছিলাম। পকেটে টাকা নেই যে দোকানে ইফতার করব। কাজির দেউড়ি থেকে হেঁটে বাসায় যাওয়ার সময় দেখি এখানে ইফতার করানো হচ্ছে। তাই ইফতার করতেই লাইনে বসেছি।’

এখানে ইফতার করতে হলে একটি ভালো কাজ করতে হয়, এটি জানেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে ইফতার করার জন্য একটি ভালো কাজ করতে হয়, সেটি আমি জানতাম না। ইফতার করতে এসে জেনেছি।’

ইয়ুথ ফর বাংলাদেশের একটি উদ্যোগ হলো ‘ভালো কাজের হোটেল’। সংগঠনটির একটা স্লোগান হলোÑ কেউ একটা ভালো কাজ করলে ১০টা খারাপ কাজ থেকে বিরত থাকবে। ওই স্লোগান সামনে রেখে একটি ভালো কাজের বিনিময়ে এক বেলা খাবার সরবরাহ করে সংগঠনটি। তারই অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম গেট সংল্গ্ন ফুটপাতে দীর্ঘদিন ধরে সপ্তাহে একদিন খাবারের আয়োজন করে আসছে সংগঠনটি। রমজান শুরু হওয়ায় এখন সেখানে প্রতিদিন ইফতারের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। 

আয়োজকরা জানিয়েছেন, রমজানের প্রথম দিন থেকেই এখানে ইফতারের আয়োজন হচ্ছে। প্রতিদিন ৫০০ থেকে সাড়ে ৫০০ জনকে এখানে ইফতার করানো হয়। ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজুর পরিবর্তে তারা ইফতার করান মুরগি-পোলাও অথবা বিরিয়ানি দিয়ে। সঙ্গে থাকে এক গ্লাস শরবত ও খেজুর। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সেখানে গিয়ে দেখা যায়, ইফতারের জন্য প্যাকেট ভর্তি মুরগি-পোলাও সেখানে নিয়ে এসেছেন আয়োজকরা। ইফতারের জন্য শরবত তৈরি করছেন ১০-১২ জন স্বেচ্ছাসেবক। পাশেই ফুটপাতে লাইন ধরে বসে আছেন আড়াইশ থেকে তিনশ শিশু, নারী-পুরুষ। ইফতারের সময় যতই ঘনিয়ে আসছে, লাইনে ততই মানুষের উপস্থিতি বাড়ছে। কয়েকজনের সঙ্গে কথা বলার পর জানা যায় এদের কেউ বৃদ্ধ লোককে রাস্তা পার করিয়ে দিয়ে, কেউ রাস্তায় পড়ে থাকা ময়লা ডাস্টবিনে ফেলে আবার কেউ নামাজ, রোজা রেখে মানুষের সঙ্গে ভালো আচরণ করার বিনিময়ে এখানে ইফতার করতে এসেছেন। 

ইফতার করার জন্য লাইনে বসে আছেন ৮ বছর বয়সি রিফাত বলেন, পাশে সিআরবি এলাকায় আমার বাসা। এখানে ভালো কাজের বিনিময়ে খাবার দেওয়া হয় এটা আমি জানি। তাই এখানে মাঝে মাঝে খেতে আসি। 

আজ কী ভালো কাজ করেছ? জানতে চাইলে রিফাত বলে, আজকে আমি এক মুরব্বিকে দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কুট কিনে এনে দিয়েছি।

ইফতার আয়োজনের তদারকির দায়িত্বে রয়েছেন সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক মোহাম্মদ মোরশেদ। তিনি বলেন, ‘ভালো কাজের হোটেলের উদ্যোগে প্রতিদিন চট্টগ্রামে মোট ৭০০ জনকে ইফতার করানো হচ্ছে। এর মধ্যে এখানে ৫০০ থেকে সাড়ে ৫০০ জনকে ইফতার করানো হয়। বাকি ১৫০ থেকে ২০০ জনের ইফতার আয়োজন করা হয় চট্টগ্রাম কলেজের সামনে।’

গত তিন দিন ইফতার আইটেমে কী ছিল জানতে চাইলে মোহাম্মদ মোরশেদ বলেন, শনিবার প্রথম রমজানে আমরা মুরগি-বিরিয়ানি দিয়ে ইফতার করিয়েছিলাম। পরদিন রবিবার মুরগি, খিচুড়ি, আর আজ মুরগি পোলাও দিয়ে ইফতার করানো হচ্ছে। আমাদের বাবুর্চি আছেন তার নেতৃত্বে আমাদের স্বেচ্ছাসেবকরা সকাল থেকে ইফতার প্রস্তুতের কাজ শুরু করেন। বাইরে রান্না করার পর সেগুলো প্যাকেট ভর্তি করে আমরা বিকাল ৪টার দিকে এখানে নিয়ে আসি। এরপর ইফতারের সময় আমরা সেগুলো উপস্থিত ছিন্নমূল মানুষদের হাতে তুলে দিচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা