শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ২১:০৬ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫ ২১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে নিপা আক্তার (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ওই গৃহবধূর শাশুড়ি শহিতন বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেপ্তার ওই শাশুড়িকে আদালতে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে ওই গৃহবধূর মা হামিদা খাতুন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী, শাশুড়ি ও দেবরসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, চার বছর আগে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের নিপাকে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের সোহেল মিয়ার কাছে বিয়ে দেয় পরিবার। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ ঘরে গলায় উড়না পেঁচিয়ে গৃহবধু নিপা আত্মহত্যা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে নিহতের শাশুড়ি শহিতন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।