দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ২০:০৬ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫ ২০:৫২ পিএম
আটক দুই ভারতীয় নাগরিক আবু সাইদ ও কানু হালদারকে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। প্রবা ফটো
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আবু সাইদ (৫৫) এবং কানু হালদার (৫৫) নামের দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরে বিএসএফ-এর অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়।
বুধবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার চিলমারী বিওপির সীমান্ত পিলার ৮৫/১৩-এস এলাকার আলিমডোবা মাঠ নামক স্থান থেকে দুই জন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তারা উভয়েই ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ভুলবশত সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। পরবর্তীতে বিষয়টি যাচাই বাছাই করা হয় এবং বিএসএফ-এর অনুরোধে মানবিক বিবেচনায় বুধবার সকালে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর চরভদ্রা কোম্পানি কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মাধ্যমে আটক ভারতীয় নাগরিকদের বিএসএফ-এর নিকট সুস্থভাবে হস্তান্তর করা হয়।