পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২২:১৮ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২২:২৪ পিএম
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জামায়াতের নেতাকর্মীরা। প্রবা ফটো
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারি ও পল্লী চিকিৎসক নুরুল কবিরের ওপর ‘পরিকল্পিত’ হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে টইটং বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিয়াবুল হক শফিকীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- টইটং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনছার উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলার সভাপতি হাসান শরীফ, জামায়েত নেতা মাওলানা মনজুর আলম, মাহফুজুর রহমান, নুরুল আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহদাত হোসেন, টইটং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলা সেক্রেটারি নুরুল কবিরের ওপর সন্ত্রাসী হামলার দুদিন পেরিয়ে গেছে। অথচ এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়নি প্রশাসন। ঘটনার সরেজমিন তদন্তও হয়নি। আমরা এ ঘটনার দ্রুত তদন্তসহ জড়িতদের আটকের দাবি জানাচ্ছি। অন্যথায় জামায়েত উপজেলার রাজপথে থেকে এর কঠিন জবাব দেবে।
গত ২ মার্চ রাত সোয়া ১১টার দিকে সালিস বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে টইটংয়ের বাজার পাড়ায় হামলার শিকার হন তিনি। মুখোশ পরিহিত দূর্বৃত্তরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।