চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২০:১৫ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২০:১৮ পিএম
মঙ্গলবার দেড়টার দিকে ৬ বিজিবি কার্যালয়ের সামনের সড়কের অভিযান। প্রবা ফটো
চুয়াডাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে দুই সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা দেড়টার দিকে ৬ বিজিবি কার্যালয়ের সামনের সড়কে এ অভিযান চালানো হয়।
আটককৃত পাচারকারীরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পিরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের লিটন খান।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের মাধ্যমে সোনা পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। বিজিবি দল সরোজগঞ্জ বাজারে গাড়িটিকে সনাক্ত করে। দুপুর ১টা ১০ মিনিটের দিকে গাড়িটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে এর গতিরোধ করা হয়। বাস থেকে সোনা চোরাকারবারি সন্দেহে দুজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পিরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের লিটন খান। এ সময় তাদেরকে তল্লাশি করে দেহ ও জুতার ভেতর থেকে ১৮টি সোনার বার, দুইটি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ২ কেজি ৪১১ গ্রাম। সোনা ও অন্য মালামালের আনুমানিক দাম ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছে। জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রস্তুতি চলছে।