সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৯:২৬ পিএম
প্রবা ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত আসিফ হোসাইনের মরদেহ ৭ মাস মর্গে থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার (৪ মার্চ) তার মরদেহ হস্তান্তর করে পুলিশ।
আসিফ সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে আসিফ হোসাইনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আসিফের বাবা নজরুল ইসলাম ছেলের মরদেহ পেতে আদালতে আবেদন করেন। গত ২ মার্চ শুনানি শেষে বিচারক আসিফের পরিবারকে মরদেহ হস্তান্তর করতে আদেশ দেন। আজ (মঙ্গলবার) আসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আদালতে দাখিলকৃত আবেদনে আসিফের বাবা উল্লেখ করেন, ‘আমার ছেলে (আসিফ হোসাইন) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। আমার ধারণা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চিহ্নত অস্ত্রধারী সন্ত্রাসী দিয়ে আমার ছেলেকে হত্যা করে মরদেহ জান্নাত আরা হেনরীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে।’
কলেজছাত্র আসিফ হোসেনের মামা শাহীন শেখ বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেয় আসিফ হোসেন। শহরের চৌরাস্তা মোড় এলাকায় মিছিলে অংশ নেয় সে। মিছিলে অংশ নেওয়া অন্য ছাত্ররাও তাকে সেখানে দেখেছে। দুপুরের পর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এর পর পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয় এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় সাধারন ডায়রি করা হয়।
তিনি বলেন, পরে ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়ির ভেতর থেকে আসিফ ও শাহিন নামে দুজনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখে।