দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৩:৪৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:৫৯ পিএম
ইজি বাইক চালক হত্যাকারী ব্যবসায়ীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক সমিতি। ছবি : প্রবা
দিনাজপুরে পথচারীর থাপ্পড়ে নিহত ৪০ বছর বয়সি ইজিবাইক চালক খালেকুল ইসলামের হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক সমিতি।
এই দাবিতে রবিবার (৪ ডিসেম্বর) জেলায় সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সব ধরনের ইজিবাইক চলাচল বন্ধ করে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে সমিতি। এই দাবি বাস্তবায়নে শনিবার (৩ ডিসেম্বর) রাতে মাইকিং করেছে সংগঠনটি। হঠাৎ করে ইজিবাইক চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
হাসপাতালে রোগী নিয়ে যাওয়াসহ গুরুত্বপূর্ণ কাজের জন্য কেউ কেউ ইজিবাইক বের করলেও রাস্তার মোড়ে মোড়ে ও প্রধান সড়কগুলোতে সোসাইটির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বন্ধ করে দিচ্ছে চলাচল।
বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে মালিক-চালক সোসাইটি।
এ সময় নিহত ইজিবাইক চালক খালেকুল ইসলামের হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে জোর দাবি জানানো হয়। অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-চালক সোসাইটির সভাপতি মো. আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদসহ অন্যরা বক্তব্য দেন।
মো. আমজাদ হোসেন বলেন, যারা দিন-রাত ২৪ ঘণ্টা মানুষের সেবায় কাজ করেন তাদের মানুষ না ভেবে উল্টো ঠুনকো ঘটনায় হত্যা করা হয়। এটা অমানবিক। মানবাধিকার লঙ্ঘন। এর বিচার চাই। অবিলম্বে আসামির গ্রেপ্তার চাই। তা করা না হলে আরও কঠোর আন্দোলনে যাব আমারা। আমরা রাজপথেই থাকব।
এর আগে শুক্রবার দিনাজপুর শহরের চুড়িপট্টি এলাকায় যানজটে পড়ে ইজিবাইক চালক খালেকুল ইসলাম ও পথচারী সন্তোষ ডালমিয়ার মধ্যে কথাকাটির জেরে সন্তোষ ডালমিয়ার কাছে মারধরের শিকার হয়ে খালেকুলের মৃত্যু হয়। নিহত খালেকুল দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা ছিলেন। অন্যদিকে ওই পথচারীর নাম সন্তোষ ডালমিয়া। শহরের মালদহপট্টি এলাকায় মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী।