সাভার প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৭:৪৫ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১৭:৫৪ পিএম
সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন মালিক ও শ্রমিকরা। প্রবা ফটো
সাভারের তুরাগ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের চলমান অভিযানের প্রতিবাদে মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টা থেকে মহাসড়কের উভয় লেনে এ অবরোধ শুরু হয়।
পরে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা। এ সময় আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তারা তাতে সাড়া দেননি। পরে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর থেকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী সাভারের ভাকুর্তা ও আমিনবাজার ইটভাটায় অভিযান পরিচালনায় প্রস্তুতি নিচ্ছিলেন ভ্রাম্যমাণ আদালত। সকালে দুটি ভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে দেওয়া হয়। এরই প্রতিবাদে মহাসড়কে অবস্থান নেন ওই এলাকার ইটভাটার মালিক ও শ্রমিকরা।
এ দিকে সকালে ভাকুর্তায় একেএম ব্রিক্সস নামের একটি ইটভাটাতে যৌথ অভিযান চালান সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম ও আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার।
অবরোধকারীরা জানান, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে সাভারে বেশ কয়েকটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। আজ তার প্রতিবাদে সেখানে শত শত মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। ভবিষ্যতে আর যেন নতুন করে ইটভাটা ভাঙা না হয় সেজন্য প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার বলেন, ‘আমরা অভিযান গিয়েছিলাম। পরবর্তীতে একটু সমস্যা হওয়ায় ফিরে আসতে হয়েছে। তবে অভিযান অব্যহত থাকবে।’