মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৪:১৬ পিএম
সোমবার রাতে মধুখালীর ডুমাইন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান। প্রবা ফটো
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ৯টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আগুন লাগে। এতে প্রায় ৯ লাখ টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানা যায়, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এতে গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ অন্তত ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়। এতে ওই ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।