× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুই জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১২:০১ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১২:২০ পিএম

নেজাম উদ্দিন ও আবু ছালেক। ছবি কোলাজ : প্রবা

নেজাম উদ্দিন ও আবু ছালেক। ছবি কোলাজ : প্রবা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে দুজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ সময় কথিত ডাকাতদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। দলীয় পদবি না থাকলেও নিহত দুজনই এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত।

সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন নেজাম উদ্দিন ও আবু সালেহ। আহত পাঁচজন হলেন ইকবাল, ওবাইদুল হক, আব্বাস উদ্দিন, মামুনুর রশীদ, নাসির উদ্দিন।

নিহত দুজন এবং গুলিবিদ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহতদের নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারাবি নামাজের পর রাত ৯টার দিকে অন্তত ২০ জন অস্ত্রধারী সঙ্গে নিয়ে স্থানীয় জামায়াত নেতা নেজাম উদ্দিন এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় যান। সিএনজিচালিত ট্যাক্সি ও মোটরসাইকেলে করে তারা সেখানে যান। গাড়িগুলো থেকে নেমে হেঁটে অস্ত্রধারীদের দলটি কাছের একটি জায়গায় অবস্থান নেয়। এলাকাবাসী তাদের তৎপরতা টের পাওয়ার পর স্থানীয় মসজিদ থেকে মাইকে ‘ডাকাত আসছে ডাকাত আসছে’ বলে ঘোষণা দেওয়া হয় বারবার। এর একপর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে নেজাম ও তার সহযোগীদের ঘিরে ফেলে। এ সময় নেজামের সহযোগীরা জনতাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এভাবে প্রায় আধঘণ্টা ধরে গোলাগুলি চলতে থাকে। এ সময় পুরো ছনখোলায় অবর্ণনীয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরও অবস্থা বেগতিক দেখে নেজাম ও তার সহযোগীরা অদূরে রাখা তাদের গাড়িগুলোর দিকে এগোতে থাকে। এর মধ্যেই আরও শক্তি সঞ্চয় করে ১০০ থেকে ১৫০ জন এলাকাবাসী লাঠিসোঁটা ও দেশি বিভিন্ন অস্ত্র নিয়ে নেজাম ও তার সহযোগী আবু সালেহসহ আরও কয়েকজনকে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতার মারধরে নেজাম ও আবু সালেহ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নেজামের অনুসারীদের ছোড়া গুলিতে পাঁচজন আহত জন। এর মধ্যে ইকবাল ও ওবায়দুল হক নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরে সেনাবাহিনীর স্থানীয় একটি টিম ও সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় বলে জানা গেছে। আরও পরে ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ‘মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে পিটিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। এ সময় তাদের ছোড়া গুলিতে পাঁচজন আহত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব। আমরা ঘটনাস্থলে আছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা