× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড় দখল থেকে অপরাধ সাম্রাজ্যের ‘রাজা’ নুরু

সুবল বড়ুয়া

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১১:০৪ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির এক নম্বর ঝিল পাহাড়ে বেড়ে উঠা অপরাধ জগতের ‘রাজা’ হিসেবে খ্যাত নুরে আলম প্রকাশ নুরু (৩৫) দোকান কর্মচারী থেকে পাহাড় দখল করে অপরাধ জগতের পা দেওয়া এই সন্ত্রাসী। নুরুর বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসা, পাহাড় কাটা-দখল, পাহাড় কেটে প্লট তৈরি করে বিক্রি, অপহরণ, ধর্ষণ, ডাকাতিসহ নানা অপরাধে রয়েছে অন্তত ৩১টি মামলা। এলাকায় নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে অপরাধ সাম্রাজ্য চালান এই দুর্ধর্ষ সন্ত্রাসী। নুরু এখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

অভিযোগ রয়েছেÑ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ‘পাহাড়খেকো’ হিসেবে পরিচিত জহুরুল আলম জসিমের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী নুরু এলাকায় সহসাই অপরাধ সাম্রাজ্যের ‘রাজা’ বনে যান। প্রায় দেড় দশক ধরে তার ছত্রছায়ায় থেকে এলাকায় সন্ত্রাসের রাজস্ব কায়েম করেছেন নুরু। 

গত ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক কাউন্সিলর জসীম গা ঢাকা দেয়। একাধিক মামলার আসামি জসীম পলাতক থাকলেও এলাকায় সন্ত্রাসী নুরুর ক্যাডার বাহিনী নানাভাবে পাহাড়তলীসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে। এতেই নুরুকে গ্রেপ্তারে তৎপর হয়ে উঠে পুলিশ প্রশাসন।

অবশেষে অভিযান চালিয়ে গত শুক্রবার বিকালে নগরীর আকবরশাহ থানার এক নম্বর ঝিল এলাকা থেকে সন্ত্রাসী নুরুকে গ্রেপ্তার করে পুলিশ। নুরু কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মৃত ধনা মিয়ার ছেলে। সন্ত্রাসী নুরুকে গ্রেপ্তারের তথ্য গতকাল শনিবার সকালে সিএমপির পক্ষ থেকে জানানো হয়।

নুরুকে গ্রেপ্তার প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, নগর গোয়েন্দা পুলিশের একটি দল নুরুকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র এলজিসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতি ও অস্ত্র আইনসহ ৩১টি মামলা রয়েছে। 

ইতোমধ্যে সন্ত্রাসী নুরুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান হয়েছে বলে জানিয়েছেন আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামান। তিনি বলেন, সাবেক স্থানীয় কাউন্সিলর জসীমের ছত্রছায়ায় থেকে নুরু বেপরোয়া হয়ে উঠেছিল। স্থানীয়রা তার অপরাধমূলক কর্মকাণ্ডের কাছে খুব অসহায় ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় এক দশক ধরে অস্ত্র, মাদক, দখল, সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রি, অপহরণ, ধর্ষণসহ তার বিরুদ্ধে ৩১টি মামলার তথ্য পেয়েছি। এর বাইরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, সহায়-সম্বলহীন নুরু ২০১০ সালে নগরীর ফয়’স লেক এলাকায় দোকান কর্মচারী হিসেবে কাজ করতেন। তার কোনো বসতভিটা না থাকায় আকবরশাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির ১ নম্বর ঝিলের পাহাড়ে বসবাস করত। সেখানেই স্থানীয় কাউন্সিলর জসীমের সঙ্গে তার পরিচয়। নুরুকে দিয়ে শুরুতে দখলকৃত পাহাড়ে সাইনবোর্ড টাঙাত জসীম। পরবর্তীতে পাহাড় কাটা ও দখলের কাজে ব্যবহার করত। এভাবেই মূলত সাবেক কাউন্সিলর জসিমের হাত ধরেই সন্ত্রাসী নুরুর উত্থান। এই পাহাড়া কাটা ও দখল করতে করতে নুরু এলাকায় অপরাধ সাম্রাজ্যের ডন হয়ে উঠে। একে একে নানা অপরাধে জড়িয়ে হয়ে উঠে সিএমপির তালিকার শীর্ষ সন্ত্রাসী। নুরু এলাকায় ‘নুরু ভাই’ এবং ‘ঘোনা’ নামেই বেশি পরিচিত।

নাম প্রকাশ অনিচ্ছুক এক স্থানীয় বলেন, সন্ত্রাসী নুরু স্থানীয় কিছু নিম্নশ্রেণির লোকদের নিয়ে নিজস্ব ক্যাডার বাহিনী তৈরি করেছে। তাদের দিয়ে এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে পাহাড় দখল, অস্ত্র ব্যবসা করে থাকে। নুরুর সঙ্গে তার এক বোন ও ভগ্নিপতিও রয়েছে। বিশেষ করে আকবরশাহ এলাকায় ইয়াবার হাট বসায় এই সন্ত্রাসীর লোকজন। বিশেষ করে ঝিলপাড় এলাকা, নাছিয়া ঘোনা ও বেলতলি ঘোনায় তারা ইয়াবা ও অস্ত্র বেচাকেনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, নুরুর বিরুদ্ধে ৩১টি মামলার মধ্যে ১৮টি মামলা-ই মাদক আইনে। ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মামলাগুলো হয়েছে। ২০২০ সালের ২৬ ডিসেম্বর নুরুকে গ্রেপ্তারে আকবরশাহ থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে নুরু ও তার সন্ত্রাসী বাহিনী পুলিশের ওপর হামলা চালায়। হামলার মুখে পুলিশ সেখান থেকে ফিরে আসে। সেই ঘটনার পর নুরু ঝিল এলাকা ছেড়ে নোয়াখালীর চরাঞ্চলে গা ঢাকা দেয়। পরে ২০২১ সালের ৮ জানুয়ারি নোয়াখালী থেকে সহযোগীসহ নুরুকে ডিবি (পশ্চিম) ও আকবরশাহ থানা পুলিশ গ্রেপ্তার করে। ওই সময়ে তার দেওয়া তথ্যমতে, পুলিশ এক নম্বর ঝিল এলাকা থেকে একটি ওয়ান শুটার গান, রিভলবার, কিরিচ ও বিপুল পরিমাণ রাম দা উদ্ধার করেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা