খুলনা অফিস
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪২ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১ পিএম
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিভাগীয় পর্যায়ের ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খুলনার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মো. আশরাফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তৃতায় তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি দেশের সম্পদ। খুলনার মানুষ সৎ, আন্তরিক ও অতিথিপরায়ণ, যা আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের চাহিদা বাড়ায়। কারিগরি শিক্ষা ও ভাষা দক্ষতার মাধ্যমে বিদেশে প্রশিক্ষিত জনশক্তি পাঠানো হলে তারা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও জানান, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 'জব প্লেসমেন্ট সেন্টার' চালু করা হবে, যা দক্ষ কর্মীদের আন্তর্জাতিক চাকরির সুযোগ বাড়াবে।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মো. সালাউদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আইসিটি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া, বিএমইটি-র পরিচালক (ট্রেনিং) মো. সালাউদ্দিন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপ-পরিচালক এটিএম শওকত হোসেন, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক, হ্যামকো গ্রুপের চেয়ারম্যান সৈয়দ আহমেদ তালুকদার, প্রবাসী কল্যাণ ব্যাংক, খুলনার ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান ও খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনসহ অনেকে।
সভায় খুলনা বিভাগের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভাটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজন করে।