সরিষাবাড়ি (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫২ পিএম
ছবি : সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়িতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনা ঘটে এবং ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এলাকার ধানক্ষেত থেকে অপরজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- বড়বাড়ীয়া গ্রামের পেঁচা মণ্ডলের ছেলে মোস্তফা মণ্ডল ও পরমানন্দপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মমিনুল ইসলাম মমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে মমিনুল ইসলাম মমিন ও তার ছোটবোন ডোয়াইল ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানার সঙ্গে তারা এলাকার মুশুদ্দি মাজার ওরস শরীফে বেড়াতে যায়। এ সময় সময় মুমিনকে হারিয়ে ফেলে নানা। পরে নানা তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে মমিনের মরদেহ এলাকার ধানক্ষেতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। অপরদিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় ধানক্ষেতে সেচ দিতে গিয়ে পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোস্তফা মণ্ডল নামে এক কৃষক। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মমিনের মরদেহ ধানক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর আইনগত প্রক্রিয়া চলছে। এছাড়া একজন কৃষক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন বলে শুনেছি।’