মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ২০:৪৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ২০:৫৫ পিএম
মাদারীপুর সদর হাসপাতালের ফটক। ছবি : প্রবা
মাদারীপুরে জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্রা উল্টে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম এবং তার দুই শিশু ভাগিনা ১০ বছর বয়সী জোবায়ের হাওলাদার ও ৭ বছর বয়সী জিহাদ হাওলাদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা শিহাব চৌধুরী বলেন, ‘তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
স্থানীয়দের বরাতে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শনিবার সকালে জমি চাষ করতে যাওয়ার সময় জহিরুলের সঙ্গে দক্ষিণ মাদ্রা এলাকায় যায় তার দুই শিশু ভাগিনা। সন্ধ্যার দিকে জমি থেকে মাহিন্দ্রাযোগে বাড়ি ফিরছিলেন তারা।
পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিদ্রাটি উল্টে পাশের খালে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।