মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম
প্রবা ফটো
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
নব্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি ২৪ ঘণ্টার আল্টিমেটামের পরেও কেন্দ্রীয় কমিটি বাতিল না করায় এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের আহবান জানান শিক্ষার্থীরা।
অবরোধ কর্মসূচি পালনকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীরা বলেন, নব্য কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের সিংহভাগই মূল ধারার আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিল না। তাদের মূল্যায়ন করা হয়েছে আর ত্যগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না।
তারা আরও বলেন, টাকা খেয়ে কমিটি করা হয়েছে এর জন্য ছাত্রলীগের সাথে আঁতাত করে চলেও তারা কমিটিতে ভাইটাল স্থান পেয়েছে। ফলে বাদ পড়েছে অনেক ত্যাগীরা। আন্দোলন সংগ্রামী যারা গায়ের তাজা রক্ত ঝড়িয়েছে তাদেরকে আড়াল করে কমিটিতে আমরা থাকতে চাই না।
কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহবায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন পদত্যাগকারীরা। সেইসাথে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে ৭২ ঘণ্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
অবরোধের পরপরই মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ ঘটনাস্থল উপস্থিত হন। তারা অবরোধকারী শিক্ষার্থীদের সাথে একাধিকবার কথা বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে আসেন।
এ সময় নব্য গঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।