দুমকি (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৬ পিএম
প্রবা পটো
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীপন্থী দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
এ ঘটনায় সোমবার সকাল ১০টায় প্রধান আসামি বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদারকে নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দুমকি উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু বাদী হয়ে উপজেলা বিএনপির অপর সদস্য আনোয়ার হোসেন হাওলাদারকে প্রধান আসমি করে মোট ৫জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এছাড়া আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন-, বেল্লাল হাওলাদার(২০), মুহাম্মদ রিফাত (২২), বাবুল প্যাদা(৩৫) ও রাসেল হাওলাদার(৩৫)।
দুমকি থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি রবিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে আসেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
মতবিনিময় সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আলতাফ চৌধুরীর দুই গ্রুপ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান আহত হন।