লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২ পিএম
ফাইল ফটো।
লালমনিরহাটের হাতীবান্ধায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুর আমিন মুন্সি নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে লালমনিরহাটের আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গড্ডিমারি দোয়ানী এলাকায় নুর আমিন মুন্সিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
গ্রেপ্তার নুর আমিন মুন্সি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোয়ানী গ্রামে গত শুক্রবার বিকালে বাড়িতে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে নুর আমিন মুন্সি। ওই শিশুকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শিশুর বাবা হাতীবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে রবিবার স্থানীয়রা নুর আমিন মুন্সিকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আয়নাল হক বলেন, ‘নুর আমিন মুন্সি একটি মসজিদের ইমাম। এছাড়া সাধুর বাজারে কাঁচামাল ব্যবসা করেন। রবিবার আমরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি।’
এ বিষয়ে শিশুটির বাবা বলেন, ‘আমি থানায় মামলা করেছি। এর সঠিক বিচার চাই।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, ‘ওই শিশুর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।