চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৮ পিএম
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বীর চট্টলার ছাত্র সমাজের আয়োজিত মানববন্ধনে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান বিক্ষোভকারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের যুগ্ম আহবায়ক মুহতানা পিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা, সংগঠক নুসরাত তাবাসসুম, সংগঠক মেহজাবিন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাদিক আরমান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ২৪ এর অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রাখলেও, অভ্যুত্থান পরবর্তী তাঁরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অনতিবিলম্বে ধর্ষণকারীসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
বক্তারা-গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরায় প্রতিষ্ঠিত না হয়, সেদিকে সরকারকে নজর দেয়ার আহ্বান জানান। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ সংহতি প্রকাশ করেন আয়োজকদের সাথে। এসময় অন্যান্যদের মধ্যে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।