রংপুর অফিস
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫ পিএম
প্রতীকী ছবি
রংপুরে আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সাহিদা বেগম মন্ডলপাড়ার আফসার আলীর স্ত্রী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালীগঞ্জ মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বদরগঞ্জে সকাল থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিলো। এ সময় সাহিদা বেগম ও তার ছেলে আনিছুর রহমান ক্ষেত থেকে আলু তুলছিলেন। হঠাৎ বজ্রপাত হলে সাথে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান সাহিদা। এ সময় তার ছেলে আনিছুর রহমান অসুস্থ্য হয়ে ক্ষেতে পড়ে থাকেন। এলাকাবাসী দেখতে পেয়ে সাহিদা বেগমের লাশ উদ্ধারসহ আনিছুরকে হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, বজ্রপাতে সাহিদা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।