× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগাতিপাড়ায় পুলিশি বাধায় পণ্ড ঐতিহ্যবাহী ‘যাত্রাপালা’

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়ায় পুলিশি বাধায় বন্ধ হয়েছে অর্ধশতাব্দীর ঐতিহ্যবাহী গ্রামীণ যাত্রাপালা।  শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামে আয়োজিত প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী গ্রামীন যাত্রাপালা হঠাৎ বন্ধ করে দেয় পুলিশ।

অর্ধশতাব্দীর পুরনো আয়োজনে প্রথমবারের মত এমন বাধার ঘটনায় আয়োজকরা যেমন হতাশ হয়েছেন, তেমনি ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মী ও স্থানীয় দর্শকরা।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোবিলা গ্রামে আয়োজিত যাত্রাপালা কোনো ব্যবসায়ীক উদ্দেশ্য ছাড়াই প্রায় ৫০ বছরের পুরনো ঐতিহ্য টিকিয়ে রাখতে উদ্যোগ নেন সংস্কৃতিপ্রেমী স্থানীয় লোকজন। যাত্রার ব্যয় মেটাতে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় চাল, ডাল ও অর্থ। গ্রামের ‘সবাই’ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত ছিলেন। কিন্তু শেষ মুহুর্তে এসে আয়োজন বন্ধের নির্দেশ দেয় বাগাতিপাড়া থানা পুলিশ।

আয়োজক, সংস্কৃতিকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি- গ্রামের নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে ঐতিহ্যবাহী এমন আয়োজনে বাধা গ্রামীণ সংস্কৃতির জন্য অশনি সংকেত।

যাত্রাপালা অনুষ্ঠানের পরিচালক আব্দুল আলীম বলেন, ‘আমি যখন ৫ম শ্রেণিতে পড়ি তখন থেকেই পেশাদার না হলেও যাত্রাপালার সাথে জড়িত। তখন থেকেই আমাদের গ্রামের এই আয়োজন দেখে আসছি। এটা পুরোপুরি সুস্থ্য বাঙালি সংস্কৃতির চর্চা। এখানে অশ্লীলতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটার কোনো সুযোগ নেই। কোনো দিন এরকম বাধা দেওয়া বা যাত্রা বন্ধ করার মতো ঘটনা ঘটেনি।’

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘গ্রামের সকলের অংশগ্রহণে আয়োজিত এই যাত্রাপালায় অশ্লীল বা বিশৃঙ্খল কোনো ঘটনার সুযোগ নেই। হঠাৎ অনুষ্ঠান বন্ধের খবরে ঘটনাস্থলে এলে পুলিশ জানায় যাত্রা বন্ধ করতে ওপর মহলের নির্দেশ আছে। অনুষ্ঠানে কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে জনপ্রতিনিধি হিসেবে তার সকল দায়ভার আমি নিতে চাইলেও তারা অনুষ্ঠান বন্ধ করতে বলেন।’

উদীচী শিল্পীগোষ্ঠী নাটোর জেলা সংসদের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ নিন্দা জানিয়ে বলেন, ‘যাত্রাপালা বাঙালি সংস্কৃতির নিজস্ব ঐতিহ্য। যখন সরকার প্রতিশ্রুতি দিচ্ছে সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চা কোনো বাধার মুখে পরবে না। এ রকম সময়ে গ্রামের ঐতিহ্যবাহী একটি আয়োজনে অতি উৎসাহী হয়ে স্থানীয় প্রশাসনের বাধা দেওয়ার ঘটনা ন্যাক্কারজনক।’

এ ধরনের সুস্থ ধারার বাঙালি সংস্কৃতি টিকিয়ে রাখতে দ্রুত যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা জানান, যাত্রাপালার বিষয়ে তিনি অবগত নন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বাইরে থেকে মেয়ে নিয়ে এসে যাত্রা হবে তাই নিষেধ করেছি। এটা নিয়ে বিভিন্ন মহল থেকে কথা আসছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

তবে, জেলা প্রসাশকের কাছ থেকে অনুমতি নিয়ে এলে আয়োজন করতে কোনো বাধা থাকবে না বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা