কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৩ পিএম
রবিবার কুমিল্লা আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে পেটানো হয়। প্রবা ফটো
কুমিল্লায় মামলার বাদীকে পিটিয়ে আহত করেছে আসামিরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত মামলার বাদী হলেন- সুমন মিয়া। তিনি কুমিল্লা হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন- একই এলাকার মতিন মিয়া ও সাদ্দাম হোসেন। জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে এর আগেও দ্বন্দ্ব চলমান ছিল।
আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, গত ১৫ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন আমার ভাই সুমন। এ ঘটনার জেরে গত ১৫ ফেব্রুয়ারি বাবা দৌলত মিয়াকে আবারও পেটায় আসামিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষ আবারও থানায় অভিযোগ দায়ের করে। এসব মামলায় রবিবার আসামিরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পড়ে যায় এবং তখনই আসামিরা তাকে বেধড়ক পেটান। এ সময় সুমন অচেতন হয়ে পড়ে। পরে আদালতে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশে দেয় জনগণ।
কুমিল্লা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রেফার করা হয়েছে।
কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানান, এ ঘটনায়ও বাদী চাইলে আলাদা মামলা করতে পারে। যারা সুমনকে মেরেছে, তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।