সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪০ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের পর মাদ্রাসাছাত্র ইব্রাহিম মিয়ার (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।
এর আগে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হয় ইব্রাহিম। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাত সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিম মিয়ার বাবা মহব্বত আলী বলেন, শুক্রবার বিকালে ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজার পর বাড়ির পাশের লিচু বাগানে মরদেহ পাওয়া যায়। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি চান তিনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করার জন্য পুলিশের কয়েকটি দল অভিযান চালাচ্ছে।