চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৭ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ীরা ভ্যাট বৃদ্ধি, আর্ন্তজাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলার ও এলসির সংকটসহ নানা অজুহাত দেখালেও সবগুলো পণ্যের ক্ষেত্রে এর সত্যতা খুঁজে পাওয়া দুষ্কর বলে জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদের মজুতদারি, ‘ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট, মজুদ নাইসহ’ নানা অজুহাতে রমজান মাসে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট তৈরি করে অসহনীয় পরিবেশ তৈরি করলেও প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনের নিরবতা ও অসাধু ব্যবসায়ীদের প্রতি মানবিকতার নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। মানুষ কষ্টে আছে এটা সরকারে কাছে না পাঠিয়ে সব কিছু ঠিক আছে বলে প্রতিবেদন দিয়ে সরকারকে বিভ্রান্ত করছে। যার কারণে বিপুল আমদানি ও মজুতের পরও সয়াবিন তেল উদাও, বাজারে টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না।
রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সংগঠনটির উদ্যোগে আয়োজিত নাগরিক পদযাত্রায় তারা এসব কথা বলেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদ চত্বর থেকে এই পদযাত্রা শুরু হয়। পরে গণি বেকারী, জামালাখান হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়।
পদযাত্রা কর্মসূচিতে সংহতি জানান ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ নগরীর বিভিন্ন থানা কমিটির নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, অধিক মুনাফা আদায়ে মরিয়া হবার কারণে লাভের এই বিশাল পাহাড় শুধু সয়াবিন তেল নয় সবকটি নিত্যপণ্যের দামে এভাবে অতি মুনাফার কারণে বর্তমানে জীবন জীবিকা কঠিন বাস্তবতায়। সে কারণে অতিমুনাফার এখন সামাজিক সংক্রমণ ঘটেছে। এ সুযোগে ব্যবসায়ীরা একবার সয়াবিন, একবার পেয়াঁজ, একবার ডাল, আটা-ময়দা এভাবে প্রতিটি পণ্যের বাজারে অস্থিরতা তৈরি করছেন। গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদের নিত্যপণ্যমূল্যের বাজারে অতিমুনাফা ও তাদের নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কালক্ষেপণে সরকারের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে।
অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নাই জানিয়ে ক্যাব নেতারা আরও বলেন, কালোবাজরী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে পণ্য-দ্রব্য ক্রয়ে সংযমের পরিচয় প্রদানের জন্য মাসের বাজার একসঙ্গে না করে সপ্তাহের বাজার করতে হবে। দরিদ্রদের মাঝে নিত্যপণ্যের বাজার যোগান ও সরবরাহ ঠিক রাখতে ইফতার সামগ্রী বিতরণের পরিবর্তে নগদ অর্থ বিতরণ করার আহ্বান জানান তারা।