নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪২ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে বনফুলের মোড়কে অস্বাস্থ্যকর পরিবেশে নকল সেমাই তৈরি করায় তাহের ফুডে নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের
সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। বেগমগঞ্জ থানার পুলিশ ও সেনাবহিনীর সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে তাহের ফুডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল সেমাই তৈরি করায় তাহের ফুডের মালিক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। গত ৮ বছর যাবত ঈদুল ফিতরকে সামনে রেখে তাহের ফুড তাদের কারখানায় নকল সেমাই তৈরি করে আসছে।
বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ‘নোংরা পরিবেশে বনফুল সেমাইয়ের প্যাকেটে বন্যফুল সেমাই তৈরি ও শিশুদের দিয়ে প্যাকেটিং করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, ‘চৌমুহনীর কারখানাগুলো মানুষের সঙ্গে অভিনব কৌশলে প্রতারণা করে ব্যবসা করে আসছে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, নামি-দামি ব্রান্ডের মোড়কে তা বাজারজাতকরণ করা তাদের নিত্যদিনের কাজ। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আগামীতেও জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।’