চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম
সাতকানিয়ার নলুয়ায় অভ্যন্তরীণ বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে মোরশেদ নামে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। হামলার জন্য টাইগার ফারুক ও তার সহযোগীদের দায়ী করেছেন মোরশেদের স্বজনরা।
এর আগে টাইগার ফারুকও হামলার শিকার হন। ওই ঘটনায় মোরশেদসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলাও হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগকর্মী মোরশেদ, জামশেদ, ফারুক মূলত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকে। এর আগে ফারুকের দুই পা ভেঙে দেন মোরশেদের নেতৃত্বে তার অনুসারীরা।
নাম প্রকাশ না করার শর্তে মোরশেদের এক আত্মীয় বলেন, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে টাইগার ফারুকের নেতৃত্বে মুখোশপরা কিছু যুবক ট্যাক্সি করে এসে মোরশেদের ওপর হামলা চালায়। ফাঁকা গুলিবর্ষণ করে তাকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
তবে অভিযুক্ত ফারুক হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, মোরশেদ মেম্বারের নেতৃত্বে আমার ওপর তার লোকজন হামলা চালিয়ে দুই পা ভেঙে দিয়েছে। আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। এর মধ্যে আমি এবং আমার পরিবারের ওপর দু’বার হামলাও করা হয়েছে। হামলার বিষয়ে থানায় জিডি করা হয়েছে।
তিনি আরও বলেন, মোরশেদ এলাকায় উঠতি তরুণদের দিয়ে ইয়াবা বিক্রি, জমি দখল, ফসলি জমির মাটি কাটা, বালির ব্যবসা করে। মোরশেদ মূলত প্রবাসী সন্ত্রাসী সহোদর মিন্টু ও কামালের ভাগিনা। তাদের নির্দেশে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আছে বছরের পর বছর। কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, অন্তঃকোন্দলের কারণেই এ হামলার ঘটনা। ইতোমধ্যে আরও বেশকিছু ঘটনা ঘটেছে ওই এলাকায়। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।