ফেটে গেছে বয়লারের টিউব
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৯ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
বয়লারের টিউব ফেটে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে বিদ্যুতেরও ঘাটতি দেখা দিয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বয়লার টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
কেন্দ্রের প্রকৌশলীরা জানান, বড়পুকুরিয়া খনির কয়লা দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩টি ইউনিট পরিচালিত হয়ে আসছিলো। এগুলোর উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সাল থেকে ২ নম্বর ইউনিটটি বন্ধ ছিলো। দুইটি ইউনিট চলমান থাকলেও গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিটটির বিয়ারিং ভেঙ্গে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। সর্বশেষ বয়লার টিউব ফেটে যাওয়ায় একমাত্র চলমান ১ নম্বর ইউনিটটিও বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিদ্যুৎ উৎপাদনের সময় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে বয়লারে। এটি ঠাণ্ডা না হওয়া পর্যন্ত মেরামতের কাজ শুরু করা সম্ভব হবে না বলেও জানা গেছে।