× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর পথে হাঁটুন : মিনু

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫২ পিএম

সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ। প্রবা ফটো

সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ। প্রবা ফটো

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল। আপনারা তাদের পথে হাঁটুন। তা না হলে দেশে কোন বিপর্যয় ঘটলে তার দায় আপনাদেরকেই নিতে হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কুষ্টিয়া শহরের নিশান মোড় একতা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপি এ সমাবেশ আয়োজন করে। 

সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। 

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘প্রফেসর ইউনূস, আমরা আপনাকে সম্মান করি। আপনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন, তখন আপনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। আপনি ছয় মাস আগে যখন দেশের শাসনভার নিয়েছিলেন, তখন দেশ এবং দেশের বাইরে আপনার যে জনপ্রিয়তা ছিল, এখন আপনি খোঁজ নিয়ে দেখুন তার কি অবস্থা।’ 

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমরা এ দেশে চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখেছি। স্বৈরশাসক এরশাদের আমলেও দেশের মানুষকে দ্রব্যমূল্যের আগুনে পুড়তে হয়েছে। এরপর বিগত ১৫ বছর স্বৈরশাসক হাসিনা ও তাদের দোসরদের লুটপাটে দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকেছিল তা সবার জানা। জনগণ সেই হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। তারপর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। আজ দেশের কি অবস্থা? চালের দাম ক্রয় ক্ষমতার বাইরে। তেল-ডাল-চিনি সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে? আপনারা কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিন।’

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিকসহ তৃণমূল পর্যায়ের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা