সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৮ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭ পিএম
সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালায় খুলনা দুদকের একটি দল। প্রবা ফটো
সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুদকের একটি দল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
আটক দালাল আবুল হোসেন কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। তিনি পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করেন। এ সময় দুদকের কাছে ধরা পড়েন তিনি।
অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) জানান, বিআরটিএ অফিসে দালালের উপদ্রপ বেড়েছে- এমন খবর পেয়ে তারা অনুসন্ধান করতে থাকেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে তারা অভিযান চালান। এ সময় পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন।
এছাড়া বিকাশ অ্যাকাউন্ট চেক করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের কাছে। পরে তাকে আটক করে বিআরটিএর সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়।
এ বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সাতক্ষীরা বিআরটিএ সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।