রংপুর অফিস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫ পিএম
পীরগাছা উপজেলা বিএনপির ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন। প্রবা ফটো
রংপুরে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন কার্যক্রম শুরু করেছে বিএনপি। তৃণমূল পর্যায়ে সরাসরি ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরে চলছে ভোট উৎসব।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজ মাঠে পীরগাছা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রহমান রাঙ্গার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা, মামুনুর রশীদ।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পর নতুন কমিটি গঠনে নির্বাচনে ৭ পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের ৬৩৯ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। প্রতিটি ভোটকক্ষে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে গোপন কক্ষে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন ভোটাররা।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন- বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, লিটন পারভেজ ও মইন উদ্দিন রাজিব।
এদিকে উপজেলা বিএনপির নির্বাচনকে ভোটকেন্দ্রে বাহিরে কর্মী-সমর্থকদের মিছিলে মুখরিত ছিল এলাকা। প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গিয়েছিল পুরো ভোটকেন্দ্র।
বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই নিজ দলে গণতন্ত্র চর্চা অব্যাহত রেখেছে। আমরা ইউনিয়ন, উপজেলা, জেলা সকল পর্যায়ে নেতৃত্ব নির্বাচন করছি ভোটের মাধ্যমে। এতে করে দল আরও শক্তিশালী হচ্ছে। নতুন নেতৃত্ব আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বড় ভূমিকা রাখবে।
তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত নেতারাই উপজেলা নির্বাচন করছে। ব্যালটের মাধ্যমে ভোট হওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। যারা জয়ী হবেন তারা উপজেলার হাল ধরবেন। আর যারা পরাজিত হবেন, তাদের সঙ্গে নিয়ে উপজেলার নতুন নেতৃত্ব দলের জন্য কাজ করে যাবে।