চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২১ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩০ পিএম
ভোলার চরফ্যাশনে ক্ষুদ্র ঋণের ব্যবসার আড়ালে চড়া সুদের কারবার, ক্ষুদ্র ব্যবসায়ীকে হেনস্থা ও মারধরের প্রতিবাদে সমাবেশ ও ঝাড়ু মিছিল হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চরফ্যাশন সদর বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযুক্ত সুজন মিয়ার চরফ্যাশন সদরে আল আরাফা ইসলামী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে একটি ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান রয়েছে।
সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সুজন মিয়া কিস্তির টাকার জন্য বাজারের ব্যবসায়ী কামাল হোসেনকে ঘরের দরজা বন্ধ করে আটক রেখে মারধর করেন। কামালকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন বাজারের অন্য ব্যবসায়ীরা। স্থানীয় বিএনপির নেতা খায়রুল ইসলাম সোহেল তাকে উদ্ধার করেন। এতে ক্ষুব্ধ হয়ে সুজন মিয়া খায়রুল ইসালাম সোহেলের বিরুদ্ধে অপপ্রচার চালান। ভোলা সদর প্রেস ক্লাবে গিয়ে তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করেন। ব্যবসায়ীরা এসব অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
কামাল উদ্দিন বলেন, ছেলের টাকার জামিনদার হওয়ায় সুজন আমাকে ডেকে নিয়ে তার অফিসে আটক করে হেনস্থা করেন। এভাবে অনেককেই সে হেনস্থা করেন বলে অভিযোগ তার।
অভিযুক্ত সুজন মিয়া বলেন, আমি ক্ষুদ্র ঋণের ব্যবসা করি। সবাই নিজেদের প্রয়োজনে অফিসে এসে ঋণ নেন। কামালের ঋণখেলাপি হওয়ায় অফিসে ডেকে কারণ জানতে চেয়েছি। তাকে মারধর বা হেনস্থার বিষয়টি সঠিক নয়।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানন, এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি জানান, বাজারের ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।