কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২ পিএম
শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের এক শিক্ষকের অপসারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের দুপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে এই আন্দোলন করে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের গণিত বিষয়ের শিক্ষক মোতাহার হোসেন স্কুলের এক ছাত্রীকে বিয়ে করে বিতর্কের জন্ম দেয়। এতে স্কুলের সুনাম ক্ষুন্ন হয়। পরে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষক মোতাহার হোসেনর ক্লাস বর্জন করে তাকে স্কুলে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়। সম্প্রতি শিক্ষক মোতাহার হোসেন স্কুলে আসায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অপসারণের দাবিতে আন্দোলন করে। পরে কালিয়াকৈর থানা পুলিশ ও স্কুলের অন্য শিক্ষকরা এসে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার অপারেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের জানান, শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছিল শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের দাবি মেনে নেওয়া হয়েছে।