কাশিয়ানী ও গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৩ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পোনায় এ দুর্ঘটনা ঘটে। প্রবা ফটো
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় কাভার্ডভ্যান চালক নিহত এবং বাসের অন্তত ২১ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় যানবাহন দুটি সড়কের উপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে।
কাশিয়ানীর উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পোনা এলকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয় অন্তত ২১ জন।
তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। গুরুতর আহত ৪ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের রেকার দিয়ে সড়কের উপরে থাকা যানবাহন দুটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।