× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালের শৌচাগারে নবজাতক রেখে পালালেন প্রসূতি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম

শৌচাগারে সন্তান প্রসবের পর নবজাতককে রেখে পালিয়েছেন প্রসূতি। প্রবা ফটো

শৌচাগারে সন্তান প্রসবের পর নবজাতককে রেখে পালিয়েছেন প্রসূতি। প্রবা ফটো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে সন্তান প্রসবের পর নবজাতককে রেখে পালিয়েছেন এক প্রসূতি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের শৌচাগারে এ ঘটনা ঘটে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রচণ্ড প্রসবকালীন ব্যথা নিয়ে আসেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী গ্রামের আজিজার রহমানের স্ত্রী রূপসী বেগম। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে আলট্রাসনোগ্রাফি করতে পরামর্শ দেন। জরুরি বিভাগ থেকে বের হয়ে শৌচাগারে যান ওই নারী। সেখানে সন্তান প্রসব করে কাউকে কিছু না জানিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ওই নারী ও তার সঙ্গে থাকা এক যুবক। পরে সন্ধ্যা নামের এক পরিচ্ছন্নকর্মী নবজাতককে শৌচাগারে দেখতে পান। এ সময় পরিচ্ছন্নকর্মী ও স্বাস্থ্যকর্মীরা নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা ইশরাত জাহান বলেন,  প্রচণ্ড প্রসবকালীন ব্যথা নিয়ে হাসপাতালে আসেন ওই প্রসূতি। এ সময় জানতে পারি, তিনি গর্ভপাত ঘটাতে ১০-১২ ঘণ্টা আগে ওষুধ খেয়েছেন। এতে প্রসবকালীন ব্যথা শুরু হলে স্বামী পরিচয়ে এক যুবকের সঙ্গে হাসপাতালে আসেন রূপসী বেগম। প্রাথমিকভাবে গর্ভের সন্তানটি বেশ বড় মনে হওয়ায় তাকে আলট্রাসনোগ্রাফি করতে বলি। তারা আলট্রাসনোগ্রাফি করতে যায়। পরে জানতে পারি, জরুরি বিভাগ থেকে বের হয়ে শৌচাগারে গিয়ে সেখানে সন্তান প্রসবের পর নবজাতককে রেখে পালিয়ে গেছেন তারা। আমরা একাধিক বার তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছি। হাসপাতালের পরিচয় পেয়ে ফোন রেখে দেন তারা। বর্তমানে ফোনটি বন্ধ রয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, ‘খবর পেয়ে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আমাদের তত্ত্বাবধানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ নবজাতকের মৃত্যু হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশকে প্রাথমিক তথ্য ও সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে।’

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রসূতি ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা