ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৩ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০ পিএম
প্রতীকী ছবি
ফেনীতে অ্যাম্বুলেন্সচাপায় মো. হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
হৃদয়ের শ্যালক আবু রনি জানান, তার বোনজামাই দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী এসএনবি নাইস ফুডে কাজ করতেন। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সচাপায় তার মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘মহাসড়কের পাশ দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন হৃদয়। এ সময় মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’