রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা-কলিমহর ও বাবুপাড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় বেজবাড়া বাজারে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হামলার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে।
এতে আহত হয়েছেন শাহানা খাতুন, পলী ও রাখি খাতুন নামে ৩ নারী। তারা পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও দোকানের পণ্য ও টাকা লুট করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেনÑ হেকমত মাল, মো. আশিক, ওহিদুল ইসলাম, শহিদুল ইসলাম। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আধিপাত্য বিস্তার এবং জমিসংক্রান্ত বিরোধের জেরে আমাদের দোকান ভাঙচুর ও লুট করা হয়েছে। আমরা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছি। তিনি আরও বলেন, আমার মামা বদরের নির্দেশে বদর, বাবু, লিটন, মুরাদ, হুসাইন, শামীম, রায়হানসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে শনিবার সন্ধ্যার দিকে আমাদের দোকানে হামলা চালায় এবং লুটপাট করে দোকানের মালপত্র এবং ক্যাশে থাকা টাকা নিয়ে যায়। এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাংশা মডেল থানায় ক্ষতিগ্রস্ত ব্যবসাযীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেব্রত সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিন আহম্মেদ বলেন, এ সংবাদ পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।