লালপুর (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১ পিএম
লালপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা খোকন ও তার দুই সন্তানকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপজেলার ত্রিমোহিনী চত্বরে দুই দফায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করেও আটকদের ছাড়াতে ব্যর্থ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে যৌথ বাহিনীর একটি দল উপজেলার দক্ষিণ লালপুর (কলোনিপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকনসহ তার দুই ছেলে ফিরোজ ও অনিককে আটক করে লালপুর থানায় সোপর্দ করেছে।
এ ঘটনার প্রতিবাদ ও আটকদের মুক্তির দাবিতে শনিবার সকাল ও দুপুরে বিএনপি নেতাকর্মীরা দুই দফায় সড়ক অবরোধ করে রাখেন। এতে লালপুর-ঈশ্বরদী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিএনপি নেতারা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি ও তার ভাই ইউপি সদস্য জাহাঙ্গীর, যুবদল নেতা খোকনকে বেধড়ক পেটায় এবং তার একটি মোবাইল ফোন ভেঙে ফেলে। গত বৃহস্পতিবার সেই মোবাইল ভাঙচুরের ঘটনা ২০ হাজার টাকায় নিষ্পত্তি হয়। কিন্তু টাকা লেনদেনের ঘটনা আওয়ামী লীগ নেতারা গোপনে ভিডিও করে রাখেন। পরে সেই ভিডিও ক্লিপ চাঁদাবাজি হিসেবে যৌথবাহিনীর হাতে পৌঁছলে যৌথ বাহিনী কলোনিপাড়া থেকে খোকনসহ তার দুই ছেলেকে আটক করে থানায় সোপর্দ করে।
খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী বাড়িতে ঢুকে তার স্বামী খোকনসহ দুই ছেলেকে বেদম প্রহার করে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে লালপুর থানা ফটকের সামনে বিএনপি নেতাকর্মীরা সকাল ৯টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এরপর তারা লালপুর ত্রিমোহিনী চত্বরে অবস্থান নেন। এতে ২ ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে কিছু সময়ের জন্য অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু আটকরা ছাড়া না পাওয়ায় ফের সড়ক অবরোধ করা হয়।
এতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড় যানজটে পড়ে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, বিষয়টি জানি। একটি ভুল বোঝাবুঝির কারণে যৌথ বাহিনী তাদের আটক করেছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি বলেন, আমি ও আমার পরিবার যৌথ বাহিনীর কাছে কোনো অভিযোগ করিনি। আমরা ডেভিল হান্ট অভিযানে আটকের ভয়ে বাড়িছাড়া। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, আটকদের আদালতে পাঠানো হয়েছে।