চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৮ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩ পিএম
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর শ্রী পলাশ নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অটোরিকশাচালক পলাশ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার পলাশ তার অটোরিকশাতে রিজার্ভ ভাড়ায় যাত্রী নিয়ে ঝিলিম বাজারের উদ্দেশে রওনা হন। এরপর থেকে আর বাড়ি আসেননি তিনি। এ ঘটনায় পরিবার সদর থানায় তার সন্ধান চেয়ে জিডি করেন। এদিকে নিখোঁজের তিন দিন পর আতাহার-নয়ানগরের একটি সরিষা ক্ষেতে পলাশের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি রইস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।