গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজবাড়ী থেকে এ বছর ভারতের মেদিনীপুর এবার যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন। ভিসা জটিলতায় ওরশযাত্রা বন্ধ হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ-ভারতের শত বছরের ঐতিহ্যবাহী এ ট্রেনযাত্রায় আবারও ছেদ পড়ল। ১৯০২ সালে চালু হওয়া এ ওরশযাত্রা এর আগে ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত ওরশে আঞ্জুমান কাদেরীয়ার বাংলাদেশি মুরিদদের যোগদানের জন্য রাজবাড়ী থেকে একটি বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২২টি সাধারণ বসার কোচ ও দুইটি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় শ্রেণির লাগেজ কোচের সমন্বয়ে মোট ২৪ কোচের ভারতীয় খালি রেক দর্শনা থেকে উন্মুক্ত পথে রাজবাড়ী আনা হয়। রাজবাড়ী স্টেশনে স্পেশাল ট্রেনটি গত বছরের ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় স্পেশাল ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে দর্শনা সীমানা দিয়ে ১৫ ফেব্রুয়ারি গেদে পৌঁছায় এবং ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুর পৌঁছায়। স্পেশাল ট্রেনটি ১৮ ফেব্রুয়ারি ভারতের সময় রাত ১০টায় মেদিনীপুর থেকে ছেড়ে ভারতের গেদে বর্ডার দিয়ে দর্শনা হয়ে গত ১৯ ফেব্রুযারি দুপুরে রাজবাড়ী ফিরে আসে।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া সূত্র জানায়, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হযরত মুহাম্মদ (সা.) -এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী (আ.) -এর ১৯তম অধস্তন বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) এর ১২৪তম বার্ষিক ওরশ আগামী ১৭ ফেব্রুয়ারি মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, প্রতি বছর বাংলাদেশ এবং ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় রাজবাড়ী থেকে ২৪টি বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়। কিন্তু এবার ট্রেন ছেড়ে যায়নি।