গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৫ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৭ পিএম
ফাইল ফটো
বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। দ্বিতীয় পর্বে মৃত মুসল্লির সংখ্যা দাঁড়াল ৩-এ।
মৃত মুসল্লিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার খামার কান্দি গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) ও শরীয়তপুরের মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আবদুল আজিজ শেখ (৬০)।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টায় দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনা সদর উপজেলার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।
মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, শুক্রবার রাত ১০টায় নাজমুল হোসেন নামে মুসল্লি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ায় আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ইজতেমা ময়দানে ৭২ নম্বর খিত্তায় ছিলেন। সাড়ে ১০টার দিয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ আবদুল আজিজ শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়। তিনি ময়দানে ২৭ নম্বর খিত্তায় ছিলেন। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।
৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব বৃহস্পতিবার আসরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। আজ শনিবার বাদ ফজর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওয়াসামা ইসলাম। ১০টার মধ্যে খিত্তায় খিত্তায় মওজু তালিম করবেন মুফতি ইয়াকুব নিজামুদ্দিন। জোহরের নামাজের পর বয়ান করবেন আরব মেহমান। তরজমা করবেন মোস্তফা খলিল। আসরের পর বয়ান করবেন হাফেজ মঞ্জুর (নিজামুদ্দিন)। তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। আসরের নামাজের পর হবে যৌতুকবিহীন বিয়ে।