গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৪ পিএম
নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন মন্ডল (৩৫) দুর্বৃত্তদের হামলার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে এ হামলা ঘটে।
দুর্বৃত্তরা মামুনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুন ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের দ্বিতীয় পুত্র ছিলেন। মামুনের লাশ ধাপেরহাটে নিয়ে আসার পর স্থানীয় জনতা ও শুভাকাঙ্ক্ষীরা রংপুর-ঢাকা মহাসড়ক ঘণ্টাখানেক অবরোধ করে। স্থানীয়রা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ধাপেরহাট বন্দরে হামলার ঘটনায় আল মামুন মন্ডল নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে।