নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৩ পিএম
নওগাঁর রাণীনগরে সহজলভ্য পুষ্টিগুণসম্পন্ন খাবারের বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুষ্টি মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
মেলায় প্রায় এক হাজার ২০০ শিশুকে বিনামূল্যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। ইফাদ এবং পিকেএসএফের অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় মেলার আয়োজন করা হয়। সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলা উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফের আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রকল্প ব্যবস্থাপক মাহে আলম সরওয়ার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, মৌসুমীর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, থানার ওসি তারিকুল ইসলাম প্রমুখ।