× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিএনপি কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করেনি’

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৭ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম

বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের একটি পার্কে প্রস্তুতি সভায় বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন। প্রবা ফটো

বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের একটি পার্কে প্রস্তুতি সভায় বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন। প্রবা ফটো

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বলেছেন, একটি দল জনগণের মন জয় করার জন্য চটকদার কথা বলে। বিএনপি কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চিন্তা করেনি।

তিনি বলেন, সেই চিন্তা-ভাবনা মাথায় থাকলে বেগম খালেদা জিয়াকে জেলখানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হতো না। তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভাঙতো না। আরাফাত রহমান কোকোকে মালয়েশিয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করতে হতো না। খালেদা জিয়াকে এক কাপড়ে বাসা থেকে বের হতে হতো না। খালেদা জিয়া চাইলে অনেক আগেই ক্ষমতায় আসতে পারতেন। ওনার কাছে ক্ষমতা বড় বিষয় নয়, জনগণের অধিকার বড় বিষয়। সুতরাং আমরা কোনো দলকে বিশেষ জায়গায় নেওয়ার জন্য আমাদের অতীত ইতিহাস, আপসহীনতা ও অর্জনকে বিসর্জন দিব না। আর কোনো ষড়যন্ত্রকারী এ অবস্থা থেকে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে সেটাকেও  সহ্য করব না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের স্থানীয় একটি পার্কে জেলা বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত ১৯ ফেব্রুয়ারির জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নয়। এ নির্বাচন দেওয়া আপনাদের দায়িত্ব না। এ দায়িত্ব হবে নির্বাচিত সরকারের। অন্য কোনো চিন্তা না করে কোনো ষড়যন্ত্র, কোনো দুরভিসন্ধি, কারো ব্যক্তিগত স্বার্থ, কোনো দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন না করে মেজরটি রাজনৈতিক দলের যে মতামত তা মেনে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ডিক্লেয়ারের চিন্তাভাবনা করুন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করা এবং আপনাদেরকে সহযোগিতা করতে সকল গণতান্ত্রিক দলগুলো সঙ্গে থাকবে।’

শরিফুল আলম বলেন, ‘শুধু তাই নয়, প্রত্যেকে নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধ থাকুন। পতিত স্বৈরাচারের দোসররা অনেক অবৈধ টাকা-পয়সার মালিক। তারা যেমন এলাকায় আছে তেমনি প্রশাসনেও মিশে আছে। তারা এলাকায় ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে- আপনারা সতর্ক থাকুন। কোনো অবস্থাতেই সেই স্বৈরাচারের দোসরদের পাত্তা দেওয়া যাবে না, কোনো সুযোগ দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে ভাঙার জন্য এরকম কোনো ষড়যন্ত্র নাই- যা করা হচ্ছে না। আগেও করা হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অর্থ, এমপি-মন্ত্রী সকল ধরনের লোভ দেখানো হয়েছে। আমি বিশ্বাস করি আমরা আগে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, এখন তার চাইতেও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের ছয় মাস আমরা দেখেছি কিন্তু আশাতীত কোনো ফল আমরা পাইনি। আমরা এ সরকারের সমালোচনা করব, আবার এ সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। সরকারকে সঠিক রোডম্যাপে রাখার চেষ্টা করব, ব্যর্থ করার জন্য নয়। বিএনপি ছাত্র-জনতার আন্দোলনের প্রাথমিক ভিত্তি স্থাপন করেছিল। এর পরেই ছাত্র-জনতার জুলাই-আগস্টের আন্দোলন হয়েছে। শুধু এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর এজন্যই জিয়া পরিবারের উপর অমানবিক নির্যাতন হয়েছে।

জেলা বিএনপির এ সভাপতি বলেন, ‘আজকে কেউ এটাকে তাদের নিজস্ব অর্জন মনে করে কথা বলেন, কোনো রাজনৈতিকশক্তি তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বড় বড় কথা বলবেন, সংস্কার আমৃত্যু হবে, আমরা কি বসে থাকব? জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আত্মাহুতি দিয়েছি। কারও ব্যক্তিগত অ্যাজেন্ডা বাস্তবায়ন, দলসমৃদ্ধ হবে, শক্তিশালী হবে, তারপর নির্বাচন হবে- এ অ্যাজেন্ডা বাস্তবায়ন করার স্বপ্ন দেখলে ভুল হবে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন রোড ম্যাপে নিতে হবে। রোডম্যাপ ডিক্লেয়ার চাই, দিতে হবে। দেশের মানুষ চায় স্বল্প সময়ের মধ্যে ভোটের অধিকার ফিরে আসুক। জনগণের সেই অধিকার ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনে আবারও আন্দোলনে যাব।’

এ সময় বক্তব্য দেন- কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সভাপতি রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মুহাম্মদ গাউস, অ্যাডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, করিমগঞ্জ উপজেলার সভাপতি আজিজুল ইসলাম দুলাল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চপল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা