মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৭ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে যুবককে ইতালিতে কাজ দেওয়ার কথা বলে নকল ভিসা দিয়ে ১১ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ চক্রের প্রতারণায় এখন সবকিছু হারিয়ে পথে বসেছে ওই ভুক্তভোগী পরিবারটি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্ত যুবকের পক্ষে তার মা স্ত্রী রুনু বেগম বাদী হয়ে ৫ প্রতারকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী যুবক মারুফ হোসেন মোরেলগঞ্জ পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী বুলু শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইতালিতে গার্মেন্ট শ্রমিকের ভিসা দেওয়ার কথা বলে ২০২২ সালের ৩১ জানুয়ারি সাড়ে ৯ লাখ টাকার চুক্তিতে মোরেলগঞ্জ সদরের বাদুড়তলা গ্রামের লেহাজ উদ্দিন শেখের স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলে ইতালি প্রবাসী বাদশা শেখ, তার ভাই ফারুক শেখ, আনোয়ার শেখ অগ্রিম ১ লাখ টাকা নেয়। পরবর্তীতে ভিসা নিতে ১২ লাখ টাকা দিতে জানিয়ে চাপ দেয় ওই যুবকের পরিবারকে। নিরুপায় হয়ে যুবক মারুফের মা বাদী রুনু বেগম স্বর্ণালংকার বন্ধক, ঋণ করে ওই চক্রের সদস্যদের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে মোট ১১ লাখ ৪৫ হাজার টাকা প্রদান করেন। পরে চক্রটি যুবক মারুফ হোসেনের নামে ইতালির ভিসা প্রদান করলে মারুফ ভিসা প্রসেসিং ও ফ্লাইটের তারিখ জানতে সংশ্লিষ্ট এম্বাসি কর্তৃপক্ষের কাছে গেলে তারা ভিসাটি নকল বলে জানায়। যুবকের পিতা ব্যবসায়ী বুলু শেখ বিষয়টি জানার পর দালাল আনোয়ারা বেগম ও তার ছেলেদের কাছে প্রদানকৃত টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন টালবাহানা শুরু করে। একপর্যায়ে প্রতারক আনোয়ারা বেগম মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এদিকে ভুক্তভোগী পরিবারটি ঋণগ্রস্ত হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম।
যুবক মারুফের মা রুনু বেগম বলেন, ছেলে লেখাপড়া শেষে বেকার দেখে বিদেশে পাঠিয়ে সংসারের সচ্ছলতা ফেরানোর চেষ্টা করেছিলাম। সে স্বপ্ন চুরমার করে এখন আমাদের পথে বসিয়েছে আনোয়ারা ও তার ছেলেরা।
ব্যবসায়ী বুলু শেখ বলেন, টাকার জন্য আনোয়ারার বাড়িতে একাধিকবার ধরনা দিয়েছি। তার ছেলে ফারুকের কাছে গেলে সে আওয়ামী লীগের নেতা বলে ক্ষমতার দাপটে আমাদের উল্টো হুকমিধমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে।
অভিযুক্ত ফারুক শেখ বলেন, আমার ভাই বাদশা শেখ ইতালি প্রবাসী সঠিক, তবে আমি কাউকে হুমকি দিইনি ও ভিসা সম্পর্কে কিছুই জানি না। রুনু বেগম আমার মায়ের কাছে ১ লাখ টাকা দিয়েছেন, এতটুকুই জানি।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, বিদেশে নেওয়ার কথা বলে টাকা লেনদেনের বিষয়ে রুনু বেগম একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, যদিও এটি আদালতের বিচার-সংক্রান্ত।