রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ১৬:১৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:২৯ পিএম
শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি রিজিয়নের মানবিক সহায়তা। ছবি : প্রবা
পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বছর পূর্তি উপলক্ষে সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন ও সদর সেনা জোনের উদ্যোগে শান্তি র্যালি ও ১৭ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শান্তির পায়রা আর বেলুন উড়িয়ে একটি শান্তি র্যালি বের হয়ে রাঙামাটি রিজিয়নে এসে শেষ হয়।
র্যালি শেষে সেনা রিজিয়ন প্রান্তিক মাঠে মানবিক সহায়তার মধ্যে ঢেউটিন, সেলাই মেশিন, সিলিং ফ্যান ও ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, বিজিবি সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা।
এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান এবং আমরা আশা করি সেনাবাহিনীকে অনুকরণীয় হিসেবে গ্রহণ করে ধর্ম, বর্ণ, জাতি, উপজাতি এবং লিঙ্গ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর এমন সহযোগিতা ভবিষ্যতেও চলমান থাকবে।’