কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬ পিএম
অন্তরকে স্বজনদের কাছে হস্তান্তর করেন কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম। প্রবা ফটো
গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরকে (৩০) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় স্ত্রী তানজিলা অন্তরসহ স্বজনদের কাছে তাকে হস্তান্তর করেন কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম।
এর আগে নিখোঁজের ৫৪ ঘণ্টা পর রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার কামরাঙ্গির চর থেকে অন্তরকে উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়। পরে ওইদিন বিকালে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন পটুয়াখালী পুলিশ সুপার।
অন্তর জানান, গত বৃহস্পতিবার রাতে কলাপাড়া শহর থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়র সময় মাইক্রোযোগে কয়েকজন লোক তাকে গাড়িতে তুলে নেয়। পরে ভাঙ্গায় মহাসড়কের পাশে তাকে মুখ বেধে ফেলে রাখে। এর পর ঢাকার কামরাঙ্গিরচর এলাকায় বন্ধুর বাসায় অবস্থান করেন অন্তর। কিন্তু কেন স্ত্রী স্বজনদের সঙ্গে যোগাযোগ করেননি- এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।
উল্লেখ্য, কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে লোন্দা গ্রামে যাচ্ছিলেন অন্তর। এরপর থেকে তার খুঁজ পাচ্ছিলেন না স্বজনরা। তার ব্যবহৃত মোটরসাইকেলটি পায়রা পোর্ট এলাকার রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং অবস্থায় উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ। যদিও তাকে উদ্ধারের দাবিতে টানা তিনদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বজনরা। অতঃপর অন্তরকে কাছে পেয়ে স্ত্রী-স্বজনরা শুকরিয়া আদায় করেন।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, রবিবার রাতে অন্তরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।